২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত: নোমান

নারায়ণগঞ্জে শনিবার সকালের মধ্যে সেনা মোতায়েন না হলে পরিস্থিতি দেখে বিএনপি দলীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শনিবার সকালের মধ্যে সেনা মোতায়েন না হলে পরিস্থিতি দেখে বিএনপি দলীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না জানার পর শুক্রবার রাতে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নোমান বলেন, "আমরা চাই- আজ (শুক্রবার) রাত অথবা শনিবার সকালের মধ্যেই সেনা মোতায়েন করা হোক। তা না হলে পরিস্থিতি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।" বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ পুরো কমিশনকে 'সরকারের আজ্ঞাবহ' অভিহিত করে তাদের পদত্যাগের দাবি জানান নোমান। ধরে নিচ্ছি, নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হচ্ছে না- সিইসির এমন বক্তব্যের সমালোচনা করে আবদুল্লাহ আল নোমান বলেন, "তার বক্তব্যে প্রমাণ হয়েছে, তিনি সরকারের আজ্ঞাবহ। স্বাধীন সত্ত্বা বলে এই কমিশনের কিছু নেই। তাই তাদের পদত্যাগ করা উচিত।" "সেনা মোতায়েনে কমিশনের সিদ্ধান্তে সরকার অপারগতা প্রকাশ করলে সিইসির উচিৎ ছিলো- আজই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দেওয়া," বলেন তিনি। আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি সহসভাপতি। আগামী রোববার অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে সেনা মোতায়েন না করার সমালোচনা করেছেন। তবে তিনি বলেছেন, তিনি নির্বাচনী লড়াইয়ে থাকছেন। শুক্রবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জে চার কোম্পানি সেনা সদস্য মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছিলো। কিন্তু সাড়ে ১০ ঘণ্টা পরও সেনাবাহিনী না যাওয়ায় সেনা মোতায়েন না হওয়ার কথা জানান সিইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/২১০৬ ঘ.