২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমের কথা ভুয়া হলে প্রার্থিতা বাতিল

নাশকতা নিয়ে শামীম ওসমানের বক্তব্যের কোনো ভিত্তি না পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা নিয়ে শামীম ওসমানের বক্তব্যের কোনো ভিত্তি না পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। শামীমের বক্তব্যের পর দিন শুক্রবার সন্ধ্যায় সিইসি সাংবাদিকদের বলেন, "এ তথ্য মিথ্যা প্রমাণিত হলে ওই প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।" ভোটগ্রহণের তিন দিন আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শামীম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, জঙ্গিরা নির্বাচনে নাশকতা চালাতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে। নাশকতা পরিকল্পনার কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই জানিয়ে সিইসি বলেন, "এ ধরনের প্রচারণার উদ্দেশ্য হচ্ছে ভোটারদের মধ্যে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা। সংশ্লিষ্ট নির্বাচনী আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।" এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে সিইসি জানান। নারায়ণগঞ্জে শামীম নাশকতার আশঙ্কা প্রকাশ করলেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার তা উড়িয়ে দেন। নারায়ণগঞ্জ পুলিশও জানায়, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/এমআই/২০৫০ ঘ.