২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতির অবনতি হলে দায় ইসি-সরকারের: তৈমুর

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার মধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়ে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেছেন, তা না হলে যে কোনো ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার মধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়ে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেছেন, তা না হলে যে কোনো অনাকাঙ্খিত ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে। নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হচ্ছে না- প্রধান নির্বাচন কমিশনারের মুখে এ কথা শোনার এক ঘণ্টার মধ্যে ২ নম্বর রেল গেট এলাকায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর। নির্বাচনী লড়াইয়ে থাকার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা মাঠে আছি, থাকবো। নিবার্চন বর্জনের কোনো প্রশ্নই আসে না।" সংবাদ সম্মেলনের সময়ও তৈমুরের সমর্থকরা কার্যালয়ের বাইরে সেনা মোতায়েনের দাবিতে মিছিল করছিলো। সিইসির বক্তব্যের পরপরই শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে বিএনপি সমর্থকরা। তবে সংবাদ সম্মেলনের পর পুলিশ লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়। তৈমুর বলেন, "কয়েক ঘণ্টার মধ্যে সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। তা না হলে যদি আনাকাক্সিক্ষত কোনো ঘটনা ঘটে, নারায়ণগঞ্জবাসীর যদি কোনো ক্ষতি হয়, তার দায় সরকার ও ইসিকে নিতে হবে।" নির্বাচন সামনে রেখে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের জন্য গত ১৬ অক্টোবর সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। রোববার অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে শুক্রবার সকাল ৮টা থেকেই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় দুপুরেই ক্ষোভ প্রকাশ করেন তৈমুর। সংবাদ সম্মেলনে তৈমুর বলেন, "জঙ্গি হামলার বিষয়ে সরকার সমর্থিত প্রার্থী থানায় সাধারণ ডায়রি করার পর এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছে। তাছাড়া সন্ত্রাসের জনপদ হিসেবে নারায়ণগঞ্জের আগে থেকেই একটা পরিচিতি রয়েছে। সেখানে সেনা মোতায়েন ছাড়া অবাধ নির্বাচন কীভাবে হবে?" "সেনা মোতায়েনে প্রধান নির্বাচন কমিশনারের অপারগতাই প্রমাণ করে এই নির্বাচন কমিশন দলীয় এবং পরাধীন। সরকারের অঙ্গুলি হেলনেই এখন তারা চলছে," বলেন বিএনপি প্রার্থী। নির্বাচন কমিশনের আগের ভূমিকার প্রশংসা করে তৈমুর বলেন, "শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা নিজেদের অর্জনকে কলঙ্কিত করবেন না। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান।" সেনা মোতায়েন না হওয়ার বিষয়টি ধরে তিনি বলেন, "নির্বাচন কমিশন কথা দিয়েও কথা রাখেনি। তারা এখন সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে।" তৈমুর দাবি করেন, রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান আওয়ামী লীগ সমর্থক। "আমি তার প্রতি আগেই অনাস্থা জানিয়েছি। নির্বাচনের প্রচারাভিযান যখন শেষ পর্যায়ে, ভোটের জোয়ার যখন আমার দিকে, তখন বির্পযয় ঠেকাতে সরকার নির্বাচনে কারচুপির ব্যবস্থা করেছে তার প্রার্থীকে জয়ী করতে," বলেন তিনি। সেনা মোতায়েন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচএ/এমআই/২১০০ ঘ.