নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেছেন, সেনাবাহিনী মোতায়েন না হলেও সুষ্ঠু নির্বাচন তারা করতে চান।
আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনের ৩৮ ঘণ্টা আগে শুক্রবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, "সেনা মোতায়েন না হলেও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা তা করে দেখাতে চাই।"
রিটার্নিং কর্মকর্তা বলেন, "নিয়ম অনুযায়ী, ২ নভেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আমার যে স্ট্রেনথ আছে, তা নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব।"
সেনাবাহিনী ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করেন কি না- জানতে চাইলে তিনি বলেন, "সেনাবাহিনী তো আমি চাইনি। প্রার্থী ও মিডিয়া এ নিয়ে কথা বলেছিলো বলে নির্বাচন কমিশন তা দেওয়ার কথা বলেছে।"
স্থানীয় নির্বাচনে সেনাবাহিনীকে কাজে লাগাতে অনীহ বর্তমান কমিশন দাবির মুখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের জন্য গত ১৬ অক্টোবর সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয়।
নারায়ণগঞ্জে শুক্রবার সকাল ৮টায় সেনাবাহিনীর টহলে নামার কথা ছিলো। তা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে কিছু বলেননি।
সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান, সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না।
বাড়তি জনবল হিসেবে র্যাবের ১০০ সদস্য সরকারের কাছে চাওয়ার কথাও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা লুৎফর বলেন, নিরাপত্তার বর্তমান বন্দোবস্ত নিয়ে তিনি সন্তষ্ট।
নির্বাচন কমিশন জানিয়েছে, সেনাবাহিনী না থাকলেও ভোটের দুই দিন আগে থেকে মোট পাঁচ দিনের জন্য চার হাজার অতিরিক্ত সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নারায়ণগঞ্জে নির্বাচনী এলাকায় নিয়োজিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24