নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা আসছে না- সিইসির এমন ইঙ্গিতের পর বিক্ষোভে নেমেছে মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থকরা।
রোববার অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শুক্রবার সকাল ৮টা থেকেই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তা হয়নি।
এ পরিস্থিতিতে সন্ধ্যায় ঢাকায় ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত সেনা মোতায়েন না হওয়ায় আমরা ধরে নিচ্ছি, সেনা মোতায়েন হচ্ছে না।"
এর পরপরই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে শুরু হয় তৈমুর সমর্থকদের মিছিল। তারা অবিলম্বে সেনা মোতায়েনের দাবিতে স্লোগান দেন।
সন্ধ্যার পর সংবাদ সম্মেলনও ডেকেছেন বিএনপি নেতা তৈমুর।
সকাল থেকে সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা অন্যের হুকুমে কাজ করছে। তাই এখনো সেনা মোতায়েন হয়নি।"
আগামী রোববার অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন।
সে অনুযায়ী গত ১৬ অক্টোবর নির্বাচন কমিশন জানায়, ভোটের দুই দিন আগে থেকে নারায়ণগঞ্জে নির্বাচনী এলাকায় চার কোম্পানি সেনা সদস্য নিয়োজিত থাকবে।
কিন্তু কথা অনুযায়ী সেনা মোতায়েন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আরেক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আইভী।
'নির্বাচন কমিশন কথা রাখেনি' উল্লেখ করে তিনি বলেন, "পরিস্থিতি এখন অন্যখাতে প্রবাহিত হলে ইসিকেই তার দায় নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/জেকে/১৯২৭ ঘ.
bdnews24