২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে নিচ্ছি, সেনা মোতায়েন হচ্ছে না: সিইসি

কথা থাকলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা থাকলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত সেনাবাহিনী না আসায় আমরা ধরে নিচ্ছি, সেনা মোতায়েন হচ্ছে না।" আগামী রোববার অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন। শুক্রবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জে চার কোম্পানি সৈন্য টহলে নামবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছিলেন। তবে সাড়ে ১০ ঘণ্টা পরও সেনাবাহিনী না যাওয়ায় সেনা মোতায়েন না হওয়ার ইঙ্গিত দিলেন সিইসি। তিনি বলেন, "আমরা আরো একশ র‌্যাব সদস্য চেয়েছি (সরকারের কাছে)।" স্থানীয় নির্বাচনে সেনাবাহিনীকে কাজে লাগাতে অনীহ বর্তমান কমিশন দাবির মুখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের জন্য গত ১৬ অক্টোবর সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সেনাবাহিনী না থাকলেও ভোটের দুই দিন আগে থেকে মোট পাঁচ দিনের জন্য চার হাজার অতিরিক্ত সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নারায়ণগঞ্জে নির্বাচনী এলাকায় নিয়োজিত থাকবে। সকাল থেকে সেনা মোতায়েন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আইভী। আর নির্বাচন কমিশন স্বাধীন নয় বলেই সেনা মোতায়েন হয়নি বলে অভিযোগ করেন তৈমুর। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান সেনা মোতায়েন না হওয়ার বিষয়ে কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৪ ঘ.