নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দিনের প্রচারে শামীম ওসমান বলছেন, তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে এমন কাজ করবেন, যাতে আল্লাহ খুশি হয়।
নির্বাচনে 'শতভাগ' ভোট পাওয়ার আশা নিয়ে শুক্রবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম।
দুপুরে বারোবাসী এলাকায় শামীম তার সমর্থকদের কাছে জানতে চান, ওই এলাকায় তিনি কত ভাগ ভোট পাবেন। জবাবে তার অনুসারীরা জানায়, ৮০ শতাংশের মতো ভোট পাবেন তিনি।
এরপর শামীম বলেন, "শতভাগ ভোট পাওয়া কি সম্ভব নয়?" তবে এর জবাবে তার সমর্থকরা কোনো কথা বলেননি।
ঢাকেশ্বরী এলাকায় শামীম ভোটারদের উদ্দেশে বলেন, "কাবা শরীফের বুকে বুক ঠেকিয়ে নিয়ত করে এসেছি, এমন কাজ করবো যেন আল্লাহ খুশি হয়। রাস্তাঘাটের যেসব সমস্যা রয়েছে ছয় মাসের মধ্যে তা ঠিক করে দেবো।"
এরপর শামীম জালগরি এলকার একটি মসজিদে জুমার নামাজ পড়েই আবার বেরিয়ে পড়েন প্রচারে। সিদ্ধিরগঞ্জ, আদমজী, বিহারী কলোনিসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি।
শুক্রবার সকাল থেকে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর নির্বাচন কমিশন স্বাধীন নয় বলেই নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হয়নি বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
তবে শামীম ওসমান সেনা মোতায়েন না হওয়ার বিষয়ে কোনো কথা বলেননি।
নারয়াণগঞ্জে সেনা মোতায়েন নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এস এম আকরাম শুক্রবার দুপুরে ঢাকা গেছেন বলে আইভীর সমর্থকরা জানান। নাগরিক কমিটি আইভীকে সমর্থন দিচ্ছে।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আকরামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে আমি ঢাকা আছি।"
এদিকে শুক্রবার বিকাল ৪টায় আইভী তার বাড়িতে সাংবাদিকদের বলেন, "প্রধান নির্বাচন কমিশনার কথা দিয়েছেন নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করবেন। আমি এখনো বিশ্বাস করতে চাই, আর্মি আসবে।"
"এখানে আর্মি এলেই যে সবকিছু হয়ে যাবে তা নয়। তবে নারায়ণগঞ্জের মানুষ আর্মির ওপর ভরসা করে," যোগ করেন আইভী।
আর্মি মোতায়েন নিয়ে 'খেলা' চলছে উল্লেখ করে তিনি বলেন, "আর্মি আসবে কি, আসবে না- এই খেলা নারায়ণগঞ্জের মানুষ বুঝতে পারছে না।"
বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার শুক্রবার সকালে শের-ই বাংলা সড়কের মাসদাইর এলাকায় গণসংযোগ করেন। দুপুরের পর থেকে গলাচিপা ও রূপগঞ্জ এলাকায় গণসংযোগ করছেন তিনি।
নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনের জন্য ৩০ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। এতে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শামীম ওসমান, দোয়াত কলম প্রতীক নিয়ে আইভী, আনারস প্রতীক নিয়ে তৈমুর মূল লড়াইয়ে রয়েছেন।
এছাড়া গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৭টি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড ৯টি রয়েছে। এ নির্বাচনী এলাকার ৪ লাখ ৪ হাজার ১৮৯ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ২ লাখ ৮৪৫ জন।
৩১২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24