২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি স্বাধীন নয় বলেই সেনা আসেনি: তৈমুর

নির্বাচন কমিশন 'স্বাধীন' নয় বলেই নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন 'স্বাধীন' নয় বলেই নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। এই বিএনপি নেতা শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা অন্যের হুকুমে কাজ করছে। তাই এখনো সেনা মোতায়েন হয়নি।" নির্বাচন সামনে রেখে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের জন্য গত ১৬ অক্টোবর সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ৮টা থেকেই সেনা মোতায়েনের কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোথাও দায়িত্বরত কোনো সেনা সদস্যকে দেখা যায়নি। আরেক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভীও সকালে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। 'নির্বাচন কমিশন কথা রাখেনি' উল্লেখ করে তিনি বলেন, "পরিস্থিতি এখন অন্যখাতে প্রভাবিত হলে ইসিকেই তার দায় নিতে হবে।" সেনা মোতায়েন না হওয়ায় দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তা ফরহাদ হোসেনের সঙ্গে দেখা করেন তৈমুর। সেখান থেকে বেরিয়ে এসে এই বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তাকে কোনো 'সদুত্তর' দিতে পারেননি নির্বাচনী কর্মকর্তা। "সেনা মোতায়েন না হওয়ায় জেলা নির্বাচনী কর্মকর্তা নিজেও উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন", বলেন তৈমুর। ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে সেনা বাহিনীর সদস্যদের নির্বাচন কমিশন কার্যালয়ে এসে রিপোর্ট করার কথা থাকলেও তারা আসেননি। বিষয়টি আমরা ইসি সচিবালয়কে জানিয়েছি।" এদিকে দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদে বলা হয়, সেনা মোতায়েন না হওয়ায় তৈমুর নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।" নবগঠিত নারয়াণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হবে আগামী রোববার। এ শহরের প্রথম মেয়র হওয়ার জন্য আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী, আনারস প্রতীক নিয়ে তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৯ অক্টোবর থেকে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৩ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুক্রবার রাত ১২টা পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে। এ সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড ২৭টি ও সংরক্ষিত ওয়ার্ড ৯টি। ৪ লাখ ৪ হাজার ১৮৯ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ২ লাখ ৮৪৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৪০ ঘ.