নারায়ণগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বহিরাগতদের প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলের এমপি সারাহ বেগম কবরী।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ১ ও ২ নং ওয়ার্ডে আইভীর সঙ্গে প্রচারণায় নেমে গণসংযোগ করে ভোট চান কবরী।
ওই সময়ে কবরী সাংবাদিকদের বলেন, "আইভী দলের পরীক্ষিত নেতা। তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকা সময়ে অনেক উন্নয়ন হয়েছে।"
আইভীকে সৎ ও যোগ্য প্রার্থী অভিহিত করে তিনি বলেন, "নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীকে প্রয়োজন।"
নির্বাচনী আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নন এমন কেউ বৃহস্পতিবার রাত ১২টার পর নারায়ণগঞ্জে অবস্থান করতে পারবেন না। কবরী নারায়ণগঞ্জের ভোটার হলেও সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নন।
সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ৯টায় গণসংযোগে নামেন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরবাড়ি, ধনকুণ্ডা, আদমজী বিহারী ক্যাম্প এলাকায় মানুষের কাছে ভোট চান।
এ সময় আইভীর সঙ্গে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত প্রমুখ। আইভী বিকেলেও গণসংযোগ করেন।
চলতি বছর নারায়ণগঞ্জকে সিটি কর্পোরেশন ঘোষণার পর আগামী ৩০ অক্টোবর সেখানে মেয়র নির্বাচন হচ্ছে।
এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান।
আওয়ামী লীগ শামীম ওসমানকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার পরও আইভীর পক্ষে কেন প্রচারণায় নেমেছেন- এ প্রশ্নের জবাবে সাংসদ কবরী সাংবাদিকদের বলেন, "তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং দলের এমপি [ছিলেন]। মেয়র প্রার্থী আইভীও আওয়ামী লীগ করেন। এ কারণেই আইভীর পক্ষে নেমেছি।"
শামীম ও আইভীর মধ্যে কাকে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থন দেবে তা নিয়ে কয়েক দফা বৈঠক হয়। পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা দেন, শামীম ওসমানই নারায়াণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
আরেক প্রশ্নের জবাবে কবরী বলেন, নানা কাজে ব্যস্ত থাকায় তিনি এর আগে আইভীর পক্ষে সরাসরি প্রচারনায় নামতে পারেননি।
তবে তার কর্মী-সমর্থকদের আইভীর পক্ষে কাজ করতে বলেছেন বলে উল্লেখ করেন তিনি।
নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ৪টি আসনের সরকারদলীয় এমপি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা শামীম ওসমানের পক্ষে প্রচারণা চালান।
এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী এর আগে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। সাত বছর এ দায়িত্ব পালন করেন তিনি। আইভীর বাবা আলী আহম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য শামীম ওসমান এক সময় (১৯৯৬-২০০১) আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শামীমের দাদা খান সাহেব ওসমান আলী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। শামীমের বড় ভাই নাসিম ওসমান বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩০ ঘ.
bdnews24