ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে এক ওয়ার্ডে ৬টি ক্যাম্প বসানোর কারণে অবৈধগুলো সরানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
নারায়ণগঞ্জের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল আলম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল ঘড়ি প্রতিকের প্রার্থীর ৬টি নির্বাচনী ক্যাম্প রয়েছে। কিন্তু বিধান অনুযায়ী একটি ওয়ার্ডে একজন প্রার্থী একটির বেশি ক্যাম্প করতে পারেন না।
"রিটার্নিং কর্মকর্তার নির্দেশে একটি রেখে বাকি ক্যাম্পগুলো সরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে", যোগ করেন শফিকুল।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের প্রতীক দেওয়াল ঘড়ি।
এছাড়া আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভী দোয়াত কলম প্রতীক নিয়ে, আনারস প্রতীক নিয়ে বিএনপির তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৪৪ ঘ.
bdnews24