নারায়ণগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান দাবি করেছেন, নির্বাচনের আগে তাকে ফাঁসাতে তার নামে টাকা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে।
ভোটগ্রহণের তিন দিন আগে বৃহস্পতিবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বৃহস্পতিবার দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়ানোর চেষ্টা করবে। এরপর পরিকল্পনা অনুযায়ী তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার পর তারা বলবে, তারা শামীম ওসমানের লোক।"
কারা এ পরিকল্পনা করছে- জানতে চাওয়া হলে সাবেক সংসদ সদস্য শামীম কারো নাম বলতে রাজি হননি।
তিনি বলেন, "কারা ষড়যন্ত্র করছে, সেটা খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এক বা একাধিক প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।"
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে শামীমের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। এছাড়াও প্রার্থী হয়েছেন আতিকুর রহমান নান্নু মুন্সী, আতিকুল ইসলাম জীবন ও শরীফ মোহাম্মদ।
নির্বাচনের আগে নাশকতা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন শামীম। তিনি বলেন, তাকে ফাঁসাতে বুধবার শহরের একটি মহল্লায় গোপন বৈঠক হয়।
"এক বা একাধিক প্রাথীর সমন্বয়ে বৈঠকেই আমাকে ফাঁসানোর জন্য সব প্রকার পরিকল্পনা করা হয়েছে," বলেন শামীম। নির্বাচনের আগে জঙ্গি হামলার শঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ সব শঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার রিটার্নির কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন শামীম। পাশাপাশি নিজের এবং কর্মী বাহিনীর নিরাপত্তার বিষয় নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.
bdnews24