২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের দুই ওসিকে বদলি

নির্বাচনের তিন দিন আগে নারায়ণগঞ্জের সদর মডেল ও বন্দর থানার ওসিকে বদলি করতে বলেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তিন দিন আগে নারায়ণগঞ্জের সদর মডেল ও বন্দর থানার ওসিকে বদলি করতে বলেছে নির্বাচন কমিশন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগ জানানোর একদিন পরই বৃহস্পতিবার এ নির্দেশনা আসে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন দুপুরে ইসি সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই থানার ওসিকে আন্তঃবদলির জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে বলা হয়েছে। সকালে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব আব্দুল বাতেন জানান। ইতোমধ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। এ দুই ওসি নির্বাচন পর্যন্ত জেলার মধ্যেই অন্য থানায় দায়িত্ব পালন করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তৈমুর আলম বুধবার এক সংবাদ সম্মেলনে সদর মডেল ও সিদ্ধিরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সরকারি প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন। তৈমুরের অভিযোগের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- জানতে চাওয়া হলে সাখাওয়াত বলেন, "না, নির্বাচন কমিশন মনে করেছে বলে এ সিদ্ধান্ত নিয়েছে।" এ নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মধ্যে তৈমুর ছাড়াও রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমআই/১৪১০ ঘ.