নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে দুই উপজেলা চেয়ারম্যানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচন পর্যন্ত ওই দু'টি গাড়ি আটকে রাখারও নির্দেশ দেওয়া হয় থানাকে।
বুধবার রাতে সিটি করপোরেশন নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ এ সাজা দেন।
আবদুল্লাহ আল মাসুদ সাংবাদিকদের জানান, ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় শামীম ওসমানের পক্ষে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সরকারি গাড়ি নিয়ে উপস্থিত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ও চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এই দুই চেয়ারম্যানের প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে।
এ সময় চেয়ারম্যান দু'জন ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কাজে সরকারি গাড়ি ব্যবহার না করার অঙ্গীকার করেন।
ম্যাজিস্ট্রেট আরো বলেন, সরকারি গাড়ি দু'টি আটক করা হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর পর্যন্ত গাড়িগুলো আটক করে রাখার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24