২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: ভোটকেন্দ্র জানা যাবে এসএমএসে

নারায়ণঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে এসএমএসের মাধ্যমেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন ভোটাররা। এজন্য যে কোনো মোবাইল ফোন থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে এসএমএস করতে হবে ২২৩৩ নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে এসএমএসের মাধ্যমেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন ভোটাররা। এজন্য যে কোনো মোবাইল ফোন থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে এসএমএস করতে হবে ২২৩৩ নম্বরে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বুধবার জানান, ২৮ অক্টোবর থেকে ভোটের দিন ৩০ অক্টোবর পর্যন্ত এই সেবা পাবেন ভোটাররা। যাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৭ অংকের (ডিজিট), তথ্য পেতে হলে তাদের এসএমএসের মেসেজ অপশনে গিয়ে Id লিখে তারপর স্পেস দিয়ে পরিচয়পত্রের নম্বরটি লিখতে হবে (Id XXXXXXXXXXXXXXXXX)। এরপর পাঠাতে হবে ২২৩৩ নম্বরে। আর যাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৩ অংকের (ডিজিট), তাদের এসএমএসের মেসেজ অপশনে গিয়ে Id লিখে তারপর স্পেস দিয়ে চার ডিজিটে নিজের জন্মসাল টাইপ করে একইসঙ্গে পরিচয়পত্রের নম্বরটি লিখতে হবে (Id 1971XXXXXXXXXXXXX)। পাঠাতে হবে ২২৩৩ নম্বরে। এরপর ভোটার ফিরতি এসএসএসে তার নাম, ভোটার ক্রম, কেন্দ্র ও এলাকার নাম জানতে পারবেন। যে কোনো অপারেটরের মোবাইল থেকে এসএসএস করে এই তথ্য জানা যাবে। এ জন্য এসএমএসের চার্জ প্রযোজ্য হবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান। এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কেন্দ্র ও ভোটার ক্রম খুঁজতে অনেকের ঝামেলা হয়। ভোট দিতে ভোটারদের যাতে অসুবিধা না হয়, সেই বিবেচনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয় জন ও কাউন্সিলর পদে ৩০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা চার লাখেরও বেশি। নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগে থেকে নিয়োজিত হচ্ছে চার কোম্পানি সেনা সদস্য। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৫ হাজার সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৩ ঘ.