ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে তৈমুর আলম খন্দকারের পক্ষে প্রচারে অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছে বিএনপি।
সব পর্যায়ের কেন্দ্রীয়, অঙ্গসংগঠনের নেতা ও সংসদসদস্যদের নারায়ণগঞ্জ যাওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থীকে প্রচারে সহযোগিতা দিতে দলের সব স্তরের নেতাদের নারায়ণগঞ্জ যেতে বলা হয়েছে।"
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হবে ৩০ অক্টোবর। এতে আনারস প্রতীক নিয়ে লড়বেন তৈমুর।
বাকি পাঁচ প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগ নেতা থাকলেও ক্ষমতাসীনদের সমর্থন পাচ্ছেন সাবেক সাংসদ শামীম ওসমান। আরেক আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভীও আলোচনার পুরোভাগে আছেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীকে জেতানোর জন্য স্থানীয় প্রশাসন নানা কলাকৌশলের আশ্রয় নিচ্ছে। বিএনপি সমর্থিত তৈমুরের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর ও সিদ্দিরগঞ্জ থানার ওসির প্রত্যাহারও দাবি করেন তিনি।
নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৮ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪২০ ঘ.
bdnews24