২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম নিয়ে ব্যাপক প্রচারের তাগিদ প্রার্থীদের

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিলেন মেয়র প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিলেন মেয়র প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ইভিএম নিয়ে ভালো প্রচারণা হয়নি বলে দাবি করেন তারা। বিএনপিসমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বাংলাদেশে ইভিএম নিরাপদ নয় বলে মন্তব্য করেন। মঙ্গলবার রাতে সরাসরি বিতর্কে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে লক্ষাধিক ভোটার অধ্যুষিত এলাকায় সাড়ে চারশ' ইভিএম ব্যবহার হবে। আগামী ৩০ অক্টোবর নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি ওয়ার্ডেও ১৪টি কেন্দ্রে এ প্রযুক্তি ব্যবহার হয়। নির্বাচনী বিতর্কে দর্শক হিসেবে হিসেবে উপস্থিত থাকা রোকনুজ্জামান বলেন, "ইভিএম নিয়ে এখনো আমরা অন্ধকারে আছি। এ প্রযুক্তি নিয়ে সচেতন হতে আমরা তেমন সময় পাইনি।" এ নিয়ে প্রার্থীদের অভিমত জানতে চান সঞ্চালক। জবাবে প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াৎ আইভী প্রথমেই এ পদ্ধতিকে স্বাগত জানানোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, "যেহেতু নতুন প্রযুক্তি তাই স্বাগত জানিয়েছি। এ প্রযুক্তি চালু হওয়া উচিত। দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশের কথা বলবো, আর প্রযুক্তি ব্যবহার করবো না- তা হয় না।" দেশের মানুষ এ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেবে মত দিয়ে ইভিএম নিয়ে ব্যাপক জনসচেতনতার তাগিদ দেন এই প্রার্থী। তবে যেসব এলাকায় ভোটার সংখ্যা কম সেখানে ইভিএম ব্যবহারের পক্ষে মত দেন তিনি। তিনি বলেন, "আরো বেশিদিন আগে থেকে প্রাচরণা শুরু হলে ভালো হতো।" ভোট গ্রহণে যেন সময় কম ব্যয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে আইভী বলেন, "যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা কম সেসব এলাকায় ইভিএম ব্যবহার করলে ভালো হয়।।" শামীম ওসমান ইভিএমকে সমর্থন জানিয়ে বলেন, "ইভিএম ও ই-ভোটিং নিয়ে অপব্যাখ্যা হয়। ইলেকট্রনিক ভোটিংয়ে হ্যাকিং করা যায়। ইভিএমে ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই।" আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ইসির উদ্যোগের পথে এ প্রযুক্তি নিয়ে সচেতনতা তৈরি করা বড় বিষয় বলে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে যথাযথ প্রচার হয়নি মন্তব্য করে তিনি বলেন, "ইভিএম নিয়ে নারায়ণগঞ্জের প্রচারণা নিয়ে ইসির কিছু শৈথিল্য আছে। ইভিএম'র প্রচার সঠিক ভাবে হয়নি।" প্রতিদ্বন্দ্বী ও বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুরকে তার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের মতামত তুলে ধরার পরামর্শ দেন শামীম। তিনি বলেন, "তৈমুর ভাই ইসির কাছে মতামত দিতে পারতেন।" এর আগে তৈমুর আলম খন্দকার বলেন, ইভিএম নিয়ে প্রতিবাদ করায় তাকে ইসি শোকজ করেছে। "বিভিন্ন দেশে এ ইভিএম নিরাপদ নয়।" দাবি করে তিনি বলেন, "নির্বাচনের মধ্য দিয়ে পরীক্ষা কেন? প্রয়োজনে বিভিন্ন এলাকায় ডেমো করা যেত?" আতিকুল ইসলাম জীবন ইভিএম নিয়ে পর্যায়ক্রমে জনগণকে অভ্যস্ত করার পরামর্শ দেন। ইসির এবারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, "আগে ইভিএম ব্যবহার শুরু হোক। ব্যবহারের পর বোঝা যাবে ভুলত্র"টি আছে কি না? এটা নিয়ে আগে মন্তব্য করতে চাই না। মানুষকে এ প্রযুক্তি নিয়ে অভ্যস্ত করতে আরো প্রচারণা চালাতে হবে।" আতিকুর রহমান নান্নু মুন্সী এ বিষয়ে তার স্বল্প অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নারায়ণগঞ্জে নয়টি ওয়ার্ডের পরিবর্তে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হলে ভালো হতো বলে মত দেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন তৈমুরের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, "ইভিএম-এ গড়ে তিনশ' একত্রিশ ভোট পড়বে। এক্ষেত্রে প্রতিটি ভোট নিতে ২০-৩০ সেকেন্ড সময় লাগবে। এটা কোনোভাবেই ভোটগ্রহণকে ধীর করবে না।" ইতোমধ্যে ভোট নেওয়া বিষয়ে প্রতিটি কেন্দ্রে মহড়া শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, "গত ২৩ অক্টোবর থেকে এ বিষয়ে প্রচারণা চলছে।" "আপনারা এসে ওই কেন্দ্রে ভোটের মহড়ায় অংশ নিন। দেখে যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এসআই/এসএইচএ/পিডি/২৩২৫ ঘ.