২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনসেবাই লক্ষ্য, বললেন ৬ প্রার্থী

সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নারায়ণগঞ্জের ছয় মেয়র প্রার্থীই বললেন, জনসেবা করতেই জনপ্রতিনিধি হতে চান তারা। সবাই প্রত্যাশা করছেন, জনগণ তাদের সে সুযোগ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নারায়ণগঞ্জের ছয় মেয়র প্রার্থীই বললেন, জনসেবা করতেই জনপ্রতিনিধি হতে চান তারা। সবাই প্রত্যাশা করছেন, জনগণ তাদের সে সুযোগ দেবে। ভোটের আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের নিয়ে সরাসরি বিতর্ক অনুষ্ঠানে তারা এ কথা বলেন। নারায়ণগঞ্জ ক্লাব মুক্তমঞ্চে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই বিতর্ক সরাসরি স¤প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও দেড় ঘণ্টার বিতর্কটি সরাসরি (ওয়েবকাস্ট) দেখা যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, , "প্রার্থীরা কেন নেতৃত্ব নিতে চান, এলাকাবাসীর জন্য তাদের পরিকল্পনা কী, ভোটারদের চাওয়া-পাওয়া কী- সরাসরি দুই পক্ষের যোগসূত্র স্থাপনের জন্যই এ অনুষ্ঠান।" মঞ্চে রয়েছেন মেয়র পদের ছয় প্রার্থী- সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমান, তৈমুর আলম খন্দকার, আতিকুর রহমান নান্নু মুন্সী, আতিকুল ইসলাম জীবন ও শরীফ মোহাম্মদ। নির্বাচন কমিশন আয়োজিত এ বিতর্ক অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। প্রার্থী হয়েছেন কেন- এ প্রশ্নের জবাবে সবচেয়ে কম বয়সী প্রার্থী জীবন বলেন, তার মায়ের নির্দেশে জনসেবা করতে প্রার্থী হয়েছেন তিনি। বিএনপি নেতা তৈমুর বলেন, "নারায়ণগঞ্জের মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। জনগণের কাছে আমি পরীক্ষা দিতে চাই।" তিনি বিভিন্ন সময়ে সরকারের নির্যাতনের তথ্য তুলে ধরেন। জনগণের চাহিদা পূরণের জন্য প্রার্থী হয়েছেন বলে জানান নান্নু। শরীফ বলেন, "রাস্তাঘাটের সদস্যা সমাধানের ক্ষমতা আছে। তাই তারা (ভোটার) আমাকে ভোট দেবে বলে আশা করছি।" শামীম বলেন, নারায়ণগঞ্জে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, তার তিনি সংসদ সদস্য থাকার সময়ে হয়েছেন। "নারায়ণগঞ্জকে বেস্ট সিটি কর্পোরেশন বানানোর স্বপ্ন দেখছি। নতুন বউয়ের মতো রাখতে চাই এ সিটিকে।" সেবাকে ব্রত হিসেবে নিয়েছেন জানিয়ে আইভী বলেন, "বাবাকে সমাজের সেবা করতে দেখেছি, ছোট বেলা থেকেই তা দেখছি। তা থেকে এ অনুপ্রেরণা পেয়েছি। সেবা, উন্নয়নের কাজ করেছি। সেবা করার সুযোগ দেবে মানুষ- তা আশা করছি। ৩০ অক্টোবরের ভোটযুদ্ধের আগে এ বাগযুদ্ধ নিয়ে ভোটারদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ভোটারদের মধ্য থেকে বিভিন্ন পেশা ও বয়সের ১৫০ জনকে বাছাই করে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মঞ্চের সামনে সারিতে অবস্থান নিয়েছেন তারা। আমন্ত্রিত ভোটার ও ঢাকা কলেজের ছাত্র রাসেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থী একযোগে কাজ করবে কি না, তা জানতে চাই।" নারায়ণগঞ্জ শহরের দুটি স্থানে বড় পর্দায় এ অনুষ্ঠান দেখা যাচ্ছে। জমজমাট বিতর্ক দেখার প্রত্যাশায় অনেককে সে স্থান দুটিতে দেখা গেছে। মঞ্চে সাতটি ডায়াসের কেন্দ্রে রয়েছেন সঞ্চালক তৌফিক ইমরোজ খালিদী। তার ডান পাশে রয়েছেন যথাক্রমে আইভী, শরীফ ও তৈমুর এবং বাম পাশে রয়েছেন শামীম, নান্নু মুন্সী ও জীবন। বিতর্ক অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক মোহাম্মদ শরীফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুষ্ঠানে উপস্থিত দেড়শ জন নির্বাচিত ভোটার সরাসরি প্রার্থীদের প্রশ্ন করতে পারছেন। প্রার্থীরা উপস্থিত ভোটারদের প্রশ্নের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রশ্নেরও উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে আরো ৫০ জন সুশীল সমাজের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। শরীফ বলেন, "নির্বাচন কমিশনের আগের নির্বাচনী বিতর্ক থেকে এবারের অনুষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আগের অনুষ্ঠান টেলিভিশনে দেখানো হলেও সেগুলো ছিলো মূলত বেতারের উপযোগী পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে। এবার পূর্ণাঙ্গ টেলিভিশন অনুষ্ঠান হচ্ছে।" প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক ওয়েবকাস্টের উদ্যোগের যৌক্তিকতা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এর আগে বলেন, "শুধু এলাকাবাসী নয়, বহির্বিশ্বেও প্রবাসীরা যেন প্রার্থীদের নিয়ে এ বিতর্ক দেখতে পারে, সে জন্য এ ব্যবস্থা। প্রার্থীদের কাছে এলাকাবাসীর প্রত্যাশা কী এবং প্রতিদ্বন্দ্বীরা কী করতে চান- এ বিতর্কে তার আভাসই পাবে জনগণ।" বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ২০০৮ খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল এবং ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের নিয়ে নির্বাচনী সংলাপের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এমআই/২১১১ ঘ.