২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক প্রশ্ন নিয়ে উপস্থিত ভোটাররা

শুধু প্রতিশ্রুতি নয়, ভবিষ্যৎ নগরপিতা দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন কাজ করবেন কি না- এমন অনেক প্রশ্ন নিয়ে বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের ভোটাররা। বিতর্কস্থল থেকে জানাচ্ছেন শামীম আহমেদ ও শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

শামীম আহমেদ ও শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু প্রতিশ্রুতি নয়, ভবিষ্যৎ নগরপিতা দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন কাজ করবেন কি না- এমন অনেক প্রশ্ন নিয়ে বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের ভোটাররা। পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও এর সমাধানে ভবিষ্যৎ পরিকল্পনা কী তা সরাসরি প্রার্থীদের কাছ থেকে জানতে চাইবেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন আয়োজিত মেয়র প্রার্থীদের এ বিতর্ক অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সন্ধ্যা ৬টার পর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন নির্বাচিত ভোটার ও অতিথিরা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সব শ্রেণী-পেশার ভোটারের প্রতিনিধিত্বকারী দেড়শ জন নির্বাচিত ভোটার অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন করতে পারছেন। অনুষ্ঠানস্থলে আসা ঢাকা কলেজের ছাত্র ভোটার রাসেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের পর বিজয়ী প্রার্থী প্রথাগত নীতি অর্থাৎ এলাকার উন্নয়নের বিরোধী নীতি প্রত্যাহার করবে কি না, তার আশ্বাস শুনতে এসেছি। বিজয়ী ও পরাজিত প্রার্থী একযোগে কাজ করবে কি না, তাও জানতে চাই।" একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা নিগার সুলতানা প্রার্থীদের কাছে জানতে চাইবেন, কলেজ রোড এলাকার জলবদ্ধতার স্থায়ী কোনো সমাধানে কাজ হবে কি না। এছাড়া ওই এলাকায় সন্ধ্যার পর মাদকের যে আড্ডা বসে তা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়েও জানতে চাইবেন তিনি। ১৩ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও একটি রিয়েল এস্টেট কোম্পানির কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বিজয়ী প্রার্থী প্রতিবছর উন্নয়নের প্রতিবেদন জনগণের সামনে উপস্থাপন করবে কি না, তা জানতেই এ অনুষ্ঠানে আসা। এছাড়া প্রার্থীরা কীভাবে এলাকার উন্নয়ন করবেন এবং কীভাবে তা বাস্তবায়ন করবেন তাও জানতে চাইবেন তিনি। গৃহিনী ফাহমিদা আজাদ বলেন, "এলাকার উন্নয়নের আশ্বাস শুনতেই এ অনুষ্ঠানে এসেছি। দলীয়ভাবে নয়, বরং এলাকার উন্নয়নে সবাই যেন একযোগে কাজ করে, সে প্রতিশ্র"তি শুনতেই এখানে আসা।" "১২ নম্বর ওয়ার্ডে অন্য ওয়ার্ডের অনেক লোক ভোটার হয়েছে। আমি এর প্রমাণও পেয়েছি। এ বিষয়টি কীভাবে হলো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চাইবো," বলেন ওই এলাকার বাসিন্দা মো. জায়দুল ইসলাম। ব্যবসায়ী আবু সুফিয়ান প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে জানতে চাইবেন, "গত আট বছরেও কেন নায়ারণগঞ্জে বিনোদন পার্ক হয়নি।" এছাড়া তার জিজ্ঞাসার মধ্যে রয়েছে- এই শহরে একটি মর্গ নেই কেন? ১৪ নম্বর ওয়ার্ডের আল-আমীন জয়ী হয়ে প্রার্থীরা কীভাবে এলাকার উন্নয়ন করতে চান- তা শুনতে। এরপরই তিনি কাকে ভোট দেবেন তা নির্ধারণ করবেন। ১৬ নম্বর ওয়র্ডের বশির জানান, "আমি একটি স্বচ্ছ বিতর্ক অনুষ্ঠান শোনার আশা নিয়ে এসেছি।" তিনি বলেন, "একজন প্রার্থী ইতোমধ্যেই ঘোষণা করেছেন জয়ী হলে নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পার্ক স্থাপন করবেন। কিন্তু আগামীতে তার দল ক্ষমতায় থাকতে না পারলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন কি না, তা ওই প্রার্থীর কাছ থেকে জানতে চাইবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএএইচএ/এমআই/১৯৫৪ ঘ.