২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ নির্বাচন নিরপেক্ষ হবে না: বিএনপি

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপি বলেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (এনসিসি) নিরপেক্ষ হবে বলে তারা মনে করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপি বলেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (এনসিসি) নিরপেক্ষ হবে বলে তারা মনে করে না। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, "বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। তাদের অধীনে কেনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। অতীতেও হয়নি।" "বর্তমান কমিশনের অধীনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা মনে করি না", যোগ করেন তিনি। নারায়ণগঞ্জের মেয়র হওয়ার জন্য ৩০ অক্টোবর চূড়ান্ত ভোটযুদ্ধে ৬ প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকারও রয়েছেন। আর প্রার্থী হওয়া দুই আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ শামীম ওসমান এবং নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যে শামীমই দলীয় সমর্থন পাচ্ছেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভার পর সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান বলেন, "এটি (নারায়ণগঞ্জ) স্থানীয় সরকার নির্বাচন। আমাদের দলের একজন নেতা সেখানে প্রার্থী হয়েছেন। দলের কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন ধরে সেখানে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।" ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশন যা-ই বলুক, আমরা পরীক্ষা করে দেখেছি, ওই মেশিনে ভোটের ফল পরিবর্তন করা যায়। এর মাধ্যমে কারচুপি করা সম্ভব। এ জন্য আমরা জাতীয় নির্বাচনে ইভিএম চাই না বলে নির্বাচন কমিশনকে জানিয়েছি।" নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও ইভিএমের বিপক্ষে কথা বলে আসছেন। বিষয়টি নির্বাচন কমিশনে লিখিতভাবেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০৮ ঘ.