২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সড়কের কাজ বন্ধ, জেলা নির্বাহীকে শোকজ

নারায়ণগঞ্জ বন্দরের এক নম্বর খেয়াঘাটে ফেরি চালুর জন্য নির্মাণাধীন একটি সংযোগ সড়কের কাজ শনিবার বিকালে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দরের এক নম্বর খেয়াঘাটে ফেরি চালুর জন্য নির্মাণাধীন একটি সংযোগ সড়কের কাজ শনিবার বিকালে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান বলেন, জেলা পরিষদের ঠিকাদার একটি সড়ক নির্মাণের কাজ করছে জানতে পেরে বন্দর থানা পুলিশকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। "নির্বাচনের আগ মুহূর্তে আচরণবিধি লঙ্ঘন করে কেন এ কাজ করা হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।" তিনি জানান, পুলিশ সুপার ও জেলা প্রশাসনকে কাজটি বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগমী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের উন্নয়ন কাজ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। বন্দর থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটার্নিং অফিসারের নির্দেশ পেয়ে শনিবার বিকাল ৩টায় আমরা রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছি।" এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী মিরাজ হোসেন বলেন, "অ্যাপ্রোচ রোডের কাজটি আমাদের। তবে আমাকে কারণ দর্শাতে বলা হয়েছে কি না তা এখনো জানি না।" এদিকে কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেন, আইভী ও তৈমুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সড়কের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে বন্দরের ছয় কোটি টাকার উন্নয়ন কাজও বন্ধ রাখা হয়েছে। তবে আইভী ও তৈমুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়কের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগটি রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.