ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের অনুষ্ঠেয় বিতর্ক ঘিরে ভোটারদের আগ্রহ জমে উঠেছে।
বিতর্ক অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক মোহাম্মদ শরীফ উল্লাহ বলেন, "পত্রিকায় বিজ্ঞাপন ও টেলিভিশনে ঘোষণার পর থেকেই আমরা অসংখ্য ফোন পেতে শুরু করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুষ্ঠানের আয়োজক। বাংলাদেশ টেলিভশন ও বাংলাদেশ বেতার আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করবে। দেড়ঘণ্টার বিতর্কটি সরাসরি দেখা যাবে বিডিনিউজ টোয়েন্টিফোরেও।
নবগঠিত নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ হবে।
শরীফ উল্লাহ বলেন, ইতিমধ্যেই তার নেতৃত্বাধীন বিরাট কর্মীবাহিনী আয়োজনের কাজ প্রায় গুছিয়ে এনেছেন। নির্বাচন কমিশনের আগের নির্বাচনী বিতর্ক থেকে এবারের অনুষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্য থাকবে।
তিনি বলেন, আগের অনুষ্ঠানটি টেলিভিশনে দেখানো হলেও সেগুলো ছিল মূলত বেতারের উপযোগী পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে। এবার পূর্ণাঙ্গ টেলিভিশন অনুষ্ঠান হবে বলে আশা করছেন তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জের সব শ্রেণী-পেশার ভোটারের প্রতিনিধিত্ব করবেন আশ্বাস দিয়ে তিনি বলেন, "আমরা দর্শক বাছাই করতে রীতিমতো গলদঘর্ম।"
দর্শকরা এরইমধ্যে নানা বিষয়ে মেয়র প্রার্থীদের জন্য প্রশ্নও পাঠিয়েছেন। তবে স্বল্প সময়ের মধ্যে সবাই প্রশ্ন করতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না।
শরীফ জানান, দেড়শজন নির্বাচিত ভোটার অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। প্রার্থীরা উপস্থিত ভোটারদের প্রশ্নের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রশ্নেরও উত্তর দেওয়ার সুযোগ পাবেন।
ইতিমধ্যেই প্রার্থীরা বিতর্কে অংশ নিতে তাদের সম্মতির কথা জানিয়েছেন। বিতর্কানুষ্ঠানে সঞ্চালক থাকবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
ছয় মেয়র প্রার্থী হলেন- শামীম ওসমান, বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, বিএনপির তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন।
এবার ২৭টিতে ওয়ার্ডে ভোট কেন্দ্র মোট ১৬৩টি। ছয় মেয়র প্রার্থী ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন ভোটারের মনজয়ে শেষদিকের প্রচারণায় ব্যস্ত। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬৪০ ঘ.
bdnews24