নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী এজেন্ট।
শুক্রবার বিকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত এ অভিযোগ দেন আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিভিন্ন স্থানে তাদের প্রচার কার্যক্রমে বিধি বহির্ভুতভাবে বাধা দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ২০ অক্টোবর বিকালে ১৭ নম্বর ওয়ার্ডে শহরের পাইপাড়ার শাহ্ সুজা রোডে ১০/১২ জন কর্মী লিফলেট বিতরণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে এসআই জহিরুলসহ একটি ভ্রাম্যমাণ আদালত প্রচারকাজে বাধা দেয়।
ওই সময় প্রচারকারীদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া তাদের নোটিশও দেওয়া হয়।
নোটিশে নির্বাচনী আচরণবিধি ২০১০ এর ৬/৪(খ) ভঙ্গ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আচরণবিধি ৬/৪(খ) এ বলা আছে, যানবাহনসহ মিছিল কিংবা মশাল মিছিল বের করা বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। ১০/১২ জনের প্রচারপত্র বিলিতে ওই ধারা ভঙ্গের কোনো কারণ নেই।
তাই প্রচারকারীদের সাজা সম্পূর্ণ বিধি বহির্ভুতভাবে করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, বিভিন্ন জায়গায় শামীম ওসমানের তিন মিটারের চেয়েও বড় আকারের ফেস্টুন প্রদর্শিত হলেও তা খুলে নেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের 'বিতর্কিত' জেলা প্রশাসককে বদলি করা হলেও তার সহকর্মী ও সহযোগীদের দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় অভিযোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24