১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত বর্জন আইনের শাসনের পরিপন্থি: সুপ্রিম কোর্ট বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ কয়েকটি দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 06:41 PM

Updated : 31 Dec 2023, 06:41 PM

আদালত বর্জনের কর্মসূচি গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি বলে মনে করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ কয়েকটি দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছে।

লিখিত বক্তব্যে আবদুন নূর দুলাল বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য নির্বাচন অপরিহার্য। সারা দেশে নির্বাচনি আবহ তৈরি হয়েছে এবং জাতি ৭ জানুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে।

“এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে একটি রাজনৈতিক দলের আইনজীবী ফোরাম ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এইরূপ কর্মসূচি দেওয়ার কোনো এখতিয়ার আইনজীবী ফোরামের নাই।”

সুপ্রিম কোর্ট বার সম্পাদক দুলাল বলেন, “এইরূপ আহ্বান গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। এইরূপ কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থি।”

বিএনপি-জামায়াত বাংলাদেশে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, “এই অপশক্তি বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল। আবার তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।”

সমিতির এই সংবাদ সম্মেলন থেকে আইনজীবী ফোরামের কর্মসূচির নিন্দা জানানো হয় এবং ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগ এবং অধস্তন আদালতসমূহ খোলা থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।