১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বাসে ছুরিকাঘাতে মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৫ আসামি

পুল পার্টি থেকে ফেরার পথে টিকটকারদের মধ্যে মারামারিতে একজন মারা যায়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 01:06 AM

Updated : 07 Nov 2022, 01:06 AM

রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা মামলায় ৫ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

আসামিরা হলেন- জিতু, জসিম, মোস্তফা, রাব্বি ও জুবায়ের।আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জালাল উদ্দিন মীর জানান, দুই দিনের রিমান্ড শেষে রোববার ৫ আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মনির হোসেন।আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ৩ নভেম্বর আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন এ মামলায় ফারুক নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুরানো খবর:

ঢাকায় বাসে ছুরিকাঘাতে মৃত্যু: ২ দিনের রিমান্ডে ৫ জন

পুরানো খবর:

বাসে ‘গাঁজা সেবন আর উত্ত্যক্তকরণ নিয়ে’ টিকটকারদের খুনোখুনি

পুরানো খবর:

পিকনিক বাসে উঠে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

আরেক আসামির বয়স কম হওয়ায় তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়।গত ১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে পিকনিকে একটি চলন্ত বাসে দুজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ২২ বছর বয়সী রাব্বি হোসেন ও ২০ বছরের মো. শাওন হোসেন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। 

এ ঘটনায় পরদিন মামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে পুলিশের তরফে সংবাদ সম্মেলন করে ডিএমপি অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, টিকটক অ্যাপে যুক্ত তরুণ-তরুণীরা ধামরাইয়ে ‘পুল পার্টি’ শেষে বাসে ফিরছিলেন। বাসের মধ্যে গাঁজা-সিগারেট সেবন আর উত্ত্যক্তকরণ করা নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে ঝগড়া বেঁধেছিল। সেই ঝগড়া থেকেই ছুরি হাতে মারামারিতে রাব্বি নিহত হয়।