০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ তিন জন কারাগারে, তিন জন রিমান্ডে

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 05:42 PM

Updated : 07 Oct 2026, 05:42 PM

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এছাড়া রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বুধবার এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুর রহমান এ তথ্য দিয়েছেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন-মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদ; কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-আসলাম ও শাহ আলম অনিক।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর জেহাদ হোসেন ৬ আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে মিজানুর রহমান, আসলাম, শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার আবেদন এবং মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, "তিন আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন এবং অপর তিন আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করি।শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড এবং অপর তিন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।”

গত বৃহস্পতিবার মিজানুর রহমান, আসলাম, শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগের দিন বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

এ মামলায় গেল বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার তার তিন দিনের রিমান্ড দেয় আদালত। রোববার জামিন পান তিনি।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।