২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব মিজানুর ও অভিনেতা তমাল রিমান্ড শেষে কারাগারে

মিজানুর ধানমন্ডি থেকে ও তমালকে আজিমপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সচিব মিজানুর ও অভিনেতা তমাল রিমান্ড শেষে কারাগারে

সাবেক সচিব মো. মিজানুর রহমান, তার পেছনে অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল (বাঁ থেকে পুলিশের হেলমেট পরিহিত)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 07:29 PM

Updated : 23 Nov 2026, 07:29 PM

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক সোমবার এ আদেশ দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

এসআই শরীফুজ্জামান বলেন, আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার জামিন শুনানির দিন রেখেছেন।

গত ১৯ নভেম্বর রাতে ধানমন্ডি থেকে মিজানুরকে ও আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পর দিন শুক্রবার মিজানুর ও তমালের চার দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। আর আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুইশর বেশি নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের জন্য জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।

এ ঘটনায় পর দিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই তানভীর মেহেদী। এই মামলায় দোলন, মিজানুর রহমান ও তমালকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।