ঢাকায় বাসে ছুরিকাঘাতে মৃত্যু: ২ দিনের রিমান্ডে ৫ জন
এ ঘটনায় একজন স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন এবং এক কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ঢাকার আসাদগেইটে ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন; আর পাঁচ আসামিকে দুদিন জিজ্ঞাসাবাদের জন্য পেয়েছে পুলিশ।
এ মামলায় গ্রেপ্তার আরও এক আসামি কিশোর হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা সাত আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে ফারুক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক আরেক আসামিকে কিশোর সংশোধনাগারে পাঠান।
বাকি পাঁচ আসামিকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন পুলিশ কর্মকর্তা মনির।
ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম নিজ খাস কামরায় ফারুকের জবানবিন্দ রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
রিমান্ডে যাওয়া পাঁচ আসামি হলেন- জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে পিকনিকে একটি চলন্ত বাসে দুজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ২২ বছর বয়সী রাব্বি হোসেন ও ২০ বছরের মো. শাওন হোসেন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়।
এ ঘটনায় বুধবার মামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুরনো খবর
