২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে বনকর্মীদের সরিয়ে আনা হয়েছে

ঘূর্ণিঝড় মহাসেন এর আশঙ্কায় সুন্দরবনের সাতক্ষীরা অংশের সকল বনকর্মীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

বুধবারই সুন্দরবনের গভীরে ঝুঁকিপূর্ণ টহল ফাঁড়ি পুষ্পকাটি ও নটাবেকিতে কর্মরত বনকর্মীদের উপকূলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি সাংবাদিকদের বলেন, শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুরসহ কয়েকটি ইউনিয়নের লোকজনকে  মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

সব ধরনের নৌকা ও ট্রলার দুরবর্তী স্থান থেকে সরে এসে উপকূলের কাছাকাছি আশ্রয় নিয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক। রেডক্রিসেন্ট এর উদ্ধারকারী টিমকে লাইফ জ্যাকেটসহ প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা সদরে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এর আগে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

জেলায় ৮৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রসহ সকল স্কুল-কলেজ-মাদ্রাসা ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।  

গত ৩ দিন ধরে উপকূলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।