২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেন মোকাবেলায় লোকবেতারের প্রস্তুতি

ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতারে প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের বার্তা প্রচার করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 12:01 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

এছাড়াও মঙ্গলবার থেকে ৫ ঘণ্টার নিয়মিত সম্প্রচারের পরিবর্তে একটানা ২৪ ঘণ্টা সম্প্রচার চালানো হচ্ছে এ স্টেশন থেকে।

লোকবেতারের পরিচালক তারেক মাহমুদ জানান,  তাদের কেন্দ্র থেকে সরকারি নীতিমালা অনুযায়ী ১৭ কিলোমিটার পর্যন্ত সম্প্রচার চালাতে পারেন। কিন্তু বরগুনা কেন্দ্রটি সদরে অবস্থিত এবং সেখান থেকে উপকূলীয় অঞ্চলের দূরত্ব ১৭ কিলোমিটারের বেশি। ফলে উপকূলবর্তী অনেক মানুষের কাছে তাদের বার্তা পৌঁছবে না।

“তবে বিকল্প ব্যবস্থায় প্রচার চালানো হচ্ছে। উপকূলের অনেক গণ্যমান্য মানুষের কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিমুহূর্তেই ঘূর্ণিঝড়ের বার্তা পৌঁছে দেয়া হচ্ছে।”

একই সঙ্গে যারা নিয়মিত অনুষ্ঠান শুনতে পারছেন তাদেরকেও ফোন করে আত্মীয়-স্বজনদের সেই বার্তা পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে বলে জানান তারেক মাহমুদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় আঘাত হানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে জেলা। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও সর্বশেষ তথ্যটি স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থায় লোকবেতারের সম্প্রচার চালু রাখা হবে।

এমনকি একটানা কয়েকদিন বিদ্যুৎ না থাকলেও সম্প্রচার চালানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তারেক।

লোকবেতার কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে যাদের বোরো ফসল ৮০ ভাগ পেকেছে তাদেরকে ফসল কেটে ফেলার অনুরোধ করা হয়েছে।