২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মহাসেন: কর্মস্থলে না থাকায় ৩ প্রকৌশলী বরখাস্ত

ঘূর্ণিঝড় মহাসেনের কারণে নির্দেশনা জারির পরও না কর্মস্থলে উপস্থিত থাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে উপকূলীয় জেলাগুলোতে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে বুধবার দুপুরে নির্দেশ দেয় মন্ত্রণালয়।

নির্দেশনা জারির পর তা উপেক্ষা করায় ওই তিন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে বলে বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই তিন কর্মকর্তা হলেন- খাগড়াছড়ি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজ, ভোলার উপ-বিভাগীয় প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি এবং কক্সবাজার সড়ক বিভাগের চকোরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জিএম শরীফুল রনী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ১১(১) বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।