১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মেয়েকে বিয়ে দেওয়ার সঞ্চয়ের আগে তার শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করতে অভিভাবকদের তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:38 PM

Updated : 12 Oct 2026, 08:38 PM

কন্যাশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আসুন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশুনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে। একদিন গর্বের সাথে বলবে, এ দেশ আমার, এ দেশের ভবিষ্যতও আমার। শিশু বিয়ে আর নয়, আর বৈষম্য নয়। কন্যা স্বপ্ন আর থামবে না। বাংলাদেশে শিশুকন্যার সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

কন্যাশিশুর বিশ্বজয়ের জন্য পরিবর্তন জরুরি, আর সেই পরিবর্তন সম্ভব মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতা ও শিক্ষক, কাজী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে।

“আমাদের মনে রাখতে হবে, এক ডানায় ভর করে কোনো পাখি যেমন আকাশে উড়তে পারে না, তেমনি নারী ও কন্যাশিশুকে পেছনে রেখে কোনো সমাজ ও জাতি উন্নয়ন সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারে না। এ প্রসঙ্গে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কথা মনে রাখতে হবে।”

শিশুর নিরাপদে বেড়ে ওঠার সমান সুযোগ, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে রোধ করা নৈতিক ও সামাজিক দায়িত্ব বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “কন্যা করবে বিশ্বজয়... শুধু একটি কাব্যিক শ্লোগান নয়, এটি বাংলাদেশের বাস্তব সম্ভাবনা। অভিভাবকদের প্রতি আমার বিশেষ আহ্বান, কন্যাকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখুন। ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন। ছেলে সন্তান ছোটবেলা থেকে মেয়েদের সন্মান করবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে শেখান।”

মেয়েকে বিয়ে দেওয়ার সঞ্চয়ের আগে তার শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করতেও অভিভাবকদের তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, “সংসারের চাবির পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার চাবিটিও তার হাতে তুলে দিন। ছেলের মত মেয়েকেও নিজের যোগ্যতায় সফল হওয়ার সুযোগ দিন, দক্ষ করে তুলুন এবং নিজেদের পায়ে দাঁড়ানোর সামর্থ্য অর্জনে সহযোগিতা করুন।”

কন্যাশিশুদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, “নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হও। শিক্ষাকে আঁকড়ে ধরো, দক্ষতা অর্জন করো এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নাও।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

পরে রাষ্ট্রপতি শিশু জাদুঘরের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।