২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্য পেছাল

সাক্ষ্য নেওয়ার দিন থাকলেও ‘অসুস্থ’ থাকায় সাইদীকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্য পেছাল

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 07:40 PM

Updated : 08 Aug 2022, 07:40 PM

যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।

সোমবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এজলাসে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা আগামী ৬ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, এদিন সাক্ষ্য নেওয়ার দিন থাকলেও শারীরিকভাবে ‘অসুস্থ’ থাকায় সাইদীকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন।

পরে গত বছর ১১ জানুয়ারি সাঈদীসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।

বাকি ৫ আসামি হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। সাঈদী তার আগে থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয় আপিল বিভাগ। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

পরে ওই রায়টিও পুনর্বিবেচনার আবেদন করা হলে তাতে আর কোনো পরিবর্তন করেনি আদালত।

সাঈদীর বিরুদ্ধে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে আরেকটি মামলা রয়েছে।