রাস্তায় ‘আলাপ জমিয়ে’ পরে তর্কাতর্কি, ছিনতাই
এক রাতের অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩২ ‘ছিনতাইকারী’
ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে এক রাতে ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
বাহিনীটি জানিয়েছে, এরা ‘ভিন্ন কৌশলে’ টাকা পয়সা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিস ছিনিয়ে নিত।
রোববার রাতে মতিঝিল, কোতোয়ালী, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারীসহ বিভিন্ন এলাকা থেকে ধরা হয় এদেরকে। সোমবার তাদের বিষয়ে বিস্তারিত জানায় র্যাব।
টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, কাউকে ‘টার্গেট; করার পর এই ‘চক্রের সদস্যরা’ প্রথমে তাকে অনুসরণ করত। পাশাপাশি হাঁটার সময় নানা বাহানায় কথা বলত।
‘আলাপ জমানোর’ এক পর্যায়ে কৌশলে তাকে তাদের সুবিধামতো কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হত। সেখানে উপস্থিত হত দলের অন্য সদস্যরা।
এতক্ষণ আলাপ জমানো হলেও অন্য সদস্যরা এলে পাল্টে যেত ভাষা। তখন শুরু হতো তর্ক-বিতর্ক, করা হতো মারধরও।
অন্য পথচারীরা এগিয়ে এলে তারা বলত, ‘নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে’ মারামারি।
আরিফ মহিউদ্দিন বলেন, “ততক্ষণে ছিনতাইয়ের কাজটি তাদের চক্রের কেউ একজন সেরে ফেলে।”
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগেরই রাজধানীতে বসবাসের জন্য স্থায়ী কোনো বাসস্থান নেই জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, “তারা সকলেই রাজধানীর বিভিন্ন বস্তিতে ভাসমান অবস্থায় বসবাস করে।”
‘চক্রটি’ কোতোয়ালি, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল বলে জানান র্যাব-৩ প্রধান।
গত ১৫ ফেব্রুয়ারিও মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীতে এদেরকে কোনো স্থায়ী ঠিকানা নেই বলে জানানো হয় পরদিন।
সেই রাতে যাদেরকে ধরা হয় তারা খিলগাঁও, মালিবাগ রেল গেইট, কমলাপুর, মতিঝিল, হাতিরঝিল, শাহবাগ, পল্টন, মানিকনগর, নন্দীপাড়া, গুলিস্তান এলাকায় ছিনতাইয়ে জড়িত বলে জানানো হয়।
তাদের সবার বিরুদ্ধে মামলা আছে এবং সেসব মামলায় জামিন পেয়ে বের হয়ে আবার একই অপরাধে জড়ানোর তথ্যও জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।
যারা গ্রেপ্তার
রোববার রাতে গ্রেপ্তার করে যাদেরকে আদালতে পাঠানো হয়েছে তারা হলেন: মোহাব্বত মিয়া, মো. মাসুম, ফজল খাঁ, মো. সাইফ, মো. আকাশ, আবু বকর, নজরুল ইসলাম, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর, মো. সোহেল, সোহানুর রহমান সাগর, মো. মামুন, মো. লিটন, মো. আলমাস, সুজন মিয়া, রাকিব, মো. রিপন, মো. কালাম, নজরুল ইসলাম, সুমন মৃধা, অন্তর হোসেন রবিন, আব্দুল রসুল, মো. কবির, ছামিদুল রহমান, ইকবাল হোসেন, কামরুল, শহীদুল ইসলাম উজ্জ্বল, মো. কালু, মো. সুমন, মো. হৃদয় ও মো. সাজিদ খান।
