২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের জন্য যুবদলের সমাবেশকেও দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

নয়া পল্টনে সড়কে সমাবেশ করেছিল যুবদল, তাতে যানজটে পড়ার কথা জানালেন আসাদুজ্জামান কামাল।

যানজটের জন্য যুবদলের সমাবেশকেও দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

নয়া পল্টনে বৃহস্পতিবার সমাবেশ করে যুবদল। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 09:48 PM

Updated : 27 Oct 2022, 09:48 PM

রাজধানীতে যানজট বেড়ে যাওয়ার প্রশ্নে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকেও দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা নিজেরা যে জট তৈরি করেছি সেটা দেখলেন না। এই যে যুবদলের সমাবেশের কারণে যানজটে পড়ে ১০ মিনিট পরে আমাকে আসতে হয়েছে। এছাড়া মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে।” 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

এদিন বিএনপির যুব সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে সমাবেশ হয়েছিল। ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার যুবদল নেতা-কর্মী এই সমাবেশ অংশ নেয়।

বিএনপির কর্মসূচির আগে অনেক জায়গায় বাস চলাচল বন্ধের ঘোষণা সরকারের নির্দেশনায় ঘটছে কি না- এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, “বিএনপি যে জ্বালাও-পোড়াও আন্দোলন ঘোষণা করেছিল, সে আন্দোলন শেষের ঘোষণা কি করেছে? তাই হয়ত বাস মালিক, শ্রমিকরা নিজের পরিবহন রক্ষায় এ সিদ্ধান্ত নিতে পারে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এখানে সরকারের কোনো হাত নেই।”

যানজট নিয়ে তিনি বলেন, “আপনি দেখছেন মেট্রোরেল, দেখছেন এলিভেটেড এক্সপ্রেস- এগুলো আসছে খুব সহসাই। আপনি কী বলবেন, আমিও তো ভুক্তভোগী। মেট্রোরেলের জন্য অনেক বড় বড় রাস্তা দখল হয়ে আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও সেভাবে আছে।

“আমাদের ঢাকা শহরে আরও বেশি রাস্তা প্রয়োজন যেগুলো আমরা তৈরি করতে পারিনি। আধুনিক শহরের জন্য ২৫ শতাংশ রাস্তা দরকার, আমাদের আছে সাড়ে ৮ শতাংশ। এ জায়গাতে আমাদের দুর্বলতা রয়েছে।”

টার্মিনালের নির্ধারিত ফি ছাড়া আর কোনো স্থান থেকে পরিবহনে চাঁদা তোলা যাবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেবে, সেখানে কোন কোন স্থান থেকে কী পরিমান টোল আদায় করা যাবে, তা উল্লেখ থাকবে। এর বাইরে টোল বা চাঁদা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।”

অবৈধ ড্রাইভিং স্কুলগুলোকে বিআরটিএ’র নীতিমালায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চালক ও শ্রমিকদের ডোপ টেস্ট যত দ্রুত ও সহজভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।”

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীর পরিণতির কথা তুলে ধরে তিনি বলেন, “হেলমেটের মান কেমন হবে, তা বিএসটিআই নির্ধারণ করে বিআরটিএ কর্তৃপক্ষকে জানাবে। এই হেলমেট মানসম্মত হওয়া প্রয়োজন।”

বিআরটিএর জনবল বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।