২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লক ইট ব্যবসায়ীদের জন্য ‘৫ কোটি ডলার’ বরাদ্দ রেখেছে সরকার

বিকল্প হিসেবে ব্লক ইটের ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সচিব জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 11:41 AM

Updated : 16 Jan 2024, 11:41 AM

পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তরে যুক্ত ব্যবসায়ীদের জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যন্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পে ৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ সোমবার পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক কর্মশালায় এই তথ্য জানান। বায়ুদূষণ হ্রাস ও কৃষিজমি সংরক্ষণে সরকারি নির্মাণ কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই কর্মশালা হয়।

পরিবেশের মানোন্নয়নসহ সব ধরনের উন্নয়ন টেকসই করতে বেসরকারি খাতের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ফারহিনা বলেন, এই ৫ কোটি ডলার ব্লক ইটে রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রণোদনা, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তিনি বলেন, “ইটভাটা নিয়ন্ত্রণ করতে পারলে বায়ুমানের উন্নতির সাথে সঙ্গে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা হবে। নাগরিকদের সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের জন্য সবুজ প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য বিষয়ে স্টেকহোল্ডারদের সকল সুচিন্তিত পরামর্শ স্বাগত জানানো হবে।”

বায়ুদূষণ হ্রাস ও কৃষি জমি সংরক্ষণের লক্ষ্যে সরকারি বিভিন্ন নির্মাণে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সচিব জানান।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন এডিবির আবাসিক পরিচালক এডিমন গিন্টিং, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি) মো. মিজানুর রহমান।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)