বাথরুমের ‘ভেন্টিলেটর ভেঙে’ থানা থেকে তরুণীর পলায়ন
ওই তরুণীকে পুনরায় ধরতে অভিযানে এখন পুলিশ।
ঢাকার গুলশান থানা থেকে পালিয়েছেন তরুণী এক আসামি।
তিনি বাথরুমের ‘ভেন্টিলেটর ভেঙে’ পালান বলে পুলিশ জানিয়েছে।
খাদিজা আক্তার (২০) নামে ওই তরুণীর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। তিনি গুলশান থানা এলাকার যে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন, সেখানেই চুরি করার অভিযোগে গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গৃহকর্তার বাড়ি থেকে গয়নাসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে পালানোর অভিযোগে খাদিজার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় আনা হয় তাকে।
থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, থানার আসার পর খাদিজা অসুস্থতার ভান করে বারবারই বাথরুমে যেতে চাচ্ছিলেন। অসুস্থতার কথা বলায় তাকে হাজতের বাইরে রাখা হয়। গভীর রাতে যখন সে বাথরুমে যেতে চান, তখন আসামিদের জন্য সংরক্ষিত বাথরুমটি খালি ছিল না। থানা চত্বরের আরেকটি বাথরুমে তাকে নিয়ে যান এক নারী কনস্টেবল।
গুলশান থানার ওসি আবুল হোসেন বলেন, “তাকে (খাদিজা) নিয়ে বাথরুমে যাওয়ার পর নারী কনস্টেবল দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি বের হচ্ছিলেন না। এরপর পুলিশ ডাক দিয়ে-চীৎকার করে বুঝতে পারে ভেতরে কেউ নেই। দরজা ভাঙা হলে তার পালিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়।”
তাকে পুনরায় ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
