হায়দ্রাবাদ হাউজে বৈঠকে হাসিনা ও মোদী
বৈঠক শেষে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
‘বিশ্বস্ত বন্ধু’ ভারতের সঙ্গে ও বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের লক্ষ্য নিয়ে দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে হায়দ্রাবাদ হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান।
সূচি অনুযায়ী দুই নেতা শুরুতে একান্ত বৈঠকে বসেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে তাদের উপস্থিতিতেই কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সঙ্গে সাক্ষাত করেন। শেখ হাসিনা এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্থল ও জলপথে যোগাযোগের ওপর জোর দেন।
ভারতের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও সোমবার দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আসছে ১৬ ডিসেম্বরের মধ্যেই ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করার প্রতিশ্রুতির কথা বলেন তিনি।
মঙ্গলবার সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী।
সেখানে বাংলাদেশের সরকারপ্রধানকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দি ও বাংলা দুই ভাষাতেই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভারতের নাগরিকদের শুভেচ্ছ জানান।
তিন বছর পর এই ভারত সফর ফলপ্রসূ হওয়ার আশাবাদ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আমাদের মূল লক্ষ্য হল, জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে নিয়ে যাওয়া। আমরা সেটা করতে সক্ষম।
“বন্ধুত্ব দিয়ে যে কোনো সমস্যারই সমাধান করা যায়। আমরা সব সময় সেটাই করি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত করবেন।
বুধবার সকালে ভারতের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডি দেখা করবেন শেখ হাসিনার সঙ্গে। এরপর বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সফরে সঙ্গী হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
ঢাকা ফেরার আগে বৃহস্পতিবার বিমানে জয়পুর যাবেন শেখ হাসিনা; সেখান থেকে যাবেন আজমির শরিফ জিয়ারত করবেন।
