২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নিহত যুবক একটি রেস্তোরাঁয় চাকরি করতেন।

ঢাকায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 07:02 PM

Updated : 15 Feb 2023, 07:02 PM

ঢাকার বাড্ডায় ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার নাম সুমন্দ্র পাল (২৭), গুলশানে ‘ফাইভ স্টার’ নামে একটি রেস্তোরাঁয় চাকরি করতেন তিনি।

নিহতের চাচাত ভাই মিথুন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে গুলশান থেকে উত্তর বাড্ডার বাসায় ফেরার পথে লাজ ফার্মার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সুমন্দ্র। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

সংবাদ পেয়ে সুমন্দ্রের এক সহকর্মী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে সেখানেই মারা যান সুমন্দ্র।

বাড্ডা থানার এসআই নাদিমুল হক নিহতের সুরতহাল তৈরি করেন। নিহতের শরীরে ছুরিকাঘাতের জখম ছিল বলে জানান তিনি।

এসআই নাদিম বলেন, “সে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন কি না, সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তধীন।”