০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বার নির্বাচনে মারামারি: জামিন পেলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল

একই দিন এ মামলায় এক নম্বর আসামি নাহিদ সুলতানা যুথী হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2024, 04:30 PM

Updated : 20 Mar 2024, 04:29 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে জামিন দিয়েছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।

গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনের চেম্বার থেকে পুলিশ কাজলকে আটক করে। এরপর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চারদিন রিমান্ড শেষে গত ১৪ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শেষে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সেসময় আক্রমণের শিকার সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ ২০ জনকে আসামি করে ঢাকার শাহবাগ থানায় ৮ মার্চ একটি হত্যাচেষ্টা মামলা করেন।

এ মামলার দুই নম্বর আসামি রুহুল কুদ্দুস কাজল। কাজলসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী এ মামলায় এক নম্বর আসামি। বুধবার তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), শাকিলা রৌশন, কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার ওসমান, অ্যাডভোকেট আরিফ, সুমন, তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা, সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও সোহাগ। এ ছাড়া ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।

আরো পড়ুন-

পুরানো খবর:

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল: ২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫
রিমান্ড শেষে কারাগারে রুহুল কুদ্দুস কাজল
জামিন নাকচ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল কারাগারে