২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অধিকার রক্ষায় একযোগে কাজ করার আহ্বান স্পিকারের

“শিশুরা আজকের এবং ভবিষ্যতের ‘লিডার’। শিশুদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। শিশু অধিকার সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 10:33 PM

Updated : 24 Jul 2022, 10:33 PM

শিশুর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে স্পিকার বলেন, “শিশুরা আজকের এবং ভবিষ্যতের ‘লিডার’। শিশুদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। শিশু অধিকার সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে শিশুদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়নের মাধ্যমে শিশুর কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করেছেন। এসডিজি অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।”

শিরীন শারমিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। এজন্য দরিদ্র পরিবারের মায়েদের মোবাইল ফোনে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রেরণ, বিনামূল্যে বই বিতরণ ও আইসিটি ল্যাব স্থাপন করা হচ্ছে।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স অ্যন্ড প্রোগ্রাম কোয়ালিটি) চন্দন জেড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল লিডার চেরিয়্যান থমাস, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন দূতাবাস ও দাতা সংস্থার প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।