অনির্বাচিত সরকার এলে সংবিধান অশুদ্ধ হবে: প্রধানমন্ত্রী
“অনির্বাচিত সরকার তো আপনারা দেখেছেন। এখানের ছাল ওখানে নিয়ে নানাভাবে দল করার চেষ্টা করেন, রাজনৈতিক নেতাদের খারাপভাবে উপস্থাপন করে অপকর্মের চেষ্টাও করেছেন,” বলেন শেখ হাসিনা।
যারা অনির্বাচিত সরকার ফিরিয়ে আনার পক্ষে কথা বলে, তাদের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “অনির্বাচিত সরকার এলে সংবিধান অশুদ্ধ হবে।”
বুধবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে খুব জ্ঞানী-বিজ্ঞানী আছেন। তাদের মুখে শুনলাম, দু-চার বছরের জন্য যদি অনির্বাচিত সরকার আসে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।
“কারা এগুলো বলেন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনির্বাচিত সরকার তো আপনারা দেখেছেন। এখানের ছাল ওখানে নিয়ে নানাভাবে দল করার চেষ্টা করেন, রাজনৈতিক নেতাদের খারাপভাবে উপস্থাপন করে অপকর্মের চেষ্টাও করেছেন।”
প্রধানমন্ত্রী বলেন, “মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে আমাদের সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এবং তৎপরবর্তী বঙ্গবন্ধুর দেওয়া সংবিধান, অনির্বাচিত সরকার এলে সেটি অশুদ্ধ হবে।”
মহামারীর কারণে গত দুই বছর সশরীরে মেলায় আসতে পারেননি শেখ হাসিনা। এবার তাই মেলায় এসে তিনি ছিলেন উচ্ছ্বসিত। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এবং পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন বক্তব্য রাখেন।
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং একুশের অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের পরিচিতি বৃদ্ধির জন্য বাংলা একাডেমির উদ্যোগে দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্যমেলা বা সাহিত্য সম্মেলন আয়োজন করতে হবে। বইপড়ার অভ্যাস বৃদ্ধির জন্য সারাদেশে আঞ্চলিক সাহিত্যমেলা চালিয়ে যেতে হবে।"
তিনি বলেন, "পরিবর্তিত বই-বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের অডিও বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করা উচিত। একই সঙ্গে বাংলা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বইপত্র ইংরেজিসহ উল্লেখযোগ্য বিদেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা করতে হবে।"
প্রধানমন্ত্রী বলেন, "বাংলা আমাদের ভাষা। পাকিস্তানি শাসকরা এক সময় আমাদের ভাষার অধিকারটুকু কেড়ে নিতে চেয়েছিল। সেই অধিকার আমাদের আদায় করতে হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে।"
ষাটের দশকে রবীন্দ্রবিরোধিতার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, এদেশে রবীন্দ্র বিরোধিতা হয়েছে। ভাবুন তো, রবীন্দ্র-সাহিত্য ছাড়া বাংলা সাহিত্য ভাবা যায়! আমাদের এর বিরুদ্ধেও সংগ্রাম করতে হয়েছে। নজরুলের লেখায় মুসলমানিত্ব করা হয়েছে। শ্মশানের জায়গায় গোরস্থান দেওয়া হয়েছে। আমাদের পদে পদে আন্দোলন করে আজকের এই অবস্থান আসতে হয়েছে।"
কোভিড-১৯ মহামারীর কারণে দুই বছর বইমেলায় আসতে না পারার কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, "আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই প্রাঙ্গণে আমার সবসময় পদচারণা ছিল। ছাত্রজীবন থেকেই বইমেলায় আসতাম। সকাল থেকে শুরু করে সারাদিন এখানে ঘুর ঘুর করতাম।
“আমি সবসময় বাংলা একাডেমির লাইব্রেরিটাই ব্যবহার করতাম। আমি আর আমার বন্ধু বেবী মওদুদ আমরা ক্লাস শেষে লাইব্রেরিতে আসতাম। এখানে আমাদের একটা আলাদা আকর্ষণ ছিল।"
একত্রিশ মিনিটের বক্তব্যে ভাষা-শহীদ ও ভাষা-সংগ্রামী থেকে শুরু করে দেশের আন্দোলন সংগ্রামে অবদান রাখা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের সবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বইগুলো হলো- তার নিজের সম্পাদিত ‘শেখ মুজিবুর রহমান রচনাবলি প্রথম খণ্ড’, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী ‘আমার জীবননীতি আমার রাজনীতি’, মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত চারটি বই- ‘অসমাপ্ত আত্মজীবনী: পাঠ-বিশ্লেষণ’, ‘কারাগারের রোজনামচা: পাঠ-বিশ্লেষণ’, ‘আমার দেখা নয়াচীন: পাঠ-বিশ্লেষণ’, ‘জেলা সাহিত্য মেলা ২০২২ (১ম খণ্ড)’ এবং প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাবিত্রী উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘দি ম্যাটার অব সাবিত্রী’।
উদ্বোধন অনুষ্ঠানে ১৫ জন কবি, লেখক ও গবেষকের হাতে ২০২২ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এ বছর কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল এ পুরস্কার পেয়েছেন।
