১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতির আসনে ছাদ থেকে পানি, আপিল বিভাগে ১৮ মিনিট বিচারকাজ বন্ধ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2024, 12:55 PM

Updated : 21 Mar 2024, 12:55 PM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ চলাকালে এক বিচারকের আসনে ছাদ থেকে পানি পড়ায় বিচারকাজ বন্ধ থাকল ১৮ মিনিট।

বৃহস্পতিবার এ ঘটনার সময় প্রধান বিচারপতিসহ ৫ বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে সকাল ১০টা ২ মিনিটে আবার বিচারকাজ শুরু হয়।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বিচারকাজ শুরু হওয়ার পর ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেনের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। তিনি বিষয়টি তার বেঞ্চ অফিসারকে জানান।

এক পর্যায়ে পানির পড়ার ঘটনা প্রধান বিচারপতির নজরে আসে। পরে ৯টা ৪৪ মিনিটে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এরপর এজলাস কক্ষে ছুটে যান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিচারকদের আসন সরিয়ে ফেলা হয়। পরে ১০টা ২ মিনিটে ফের বিচারকরা আসন গ্রহণ করেন; এবং বিচারকাজ শুরু হয়।

পুনরায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে; ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত।”

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।”

এ ব্যাপারে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা চান।