১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্মি সার্ভিস কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

খুলনায় জাহানাবাদ সেনানিবাসে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়।

আর্মি সার্ভিস কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

খুলনায় জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার রোববার প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামানকে ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2023, 12:48 AM

Updated : 06 Nov 2023, 12:48 AM

সেনাবাহিনীর সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার খুলনায় জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে আর্মি সার্ভিস কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামানকে এই ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং আর্মি সার্ভিস কোরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী আর্মি সার্ভিস কোরের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

তিনি সেনাবাহিনীর রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য দিক নির্দেশনা দেন।

পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জাহানাবাদ সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত ‘সংশপ্তক’ এ পুষ্পস্তবক অর্পন ও বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।