২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর ও নওগাঁয় হবে পাবলিক বিশ্ববিদ্যালয়

মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ এবং নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ স্থাপনে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মেহেরপুর ও নওগাঁয় হবে পাবলিক বিশ্ববিদ্যালয়

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 06:06 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

মেহেরপুর ও নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দুটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ এবং নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন

এদিন সিলেটের উন্নয়নে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএ অনুসরণ করে সিলেটের উন্নয়নের জন্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়নের লক্ষ্যে এটা করা হয়েছে বলে জানান তিনি।

“এটা সিলেট শহর বিশেষ করে এখন সিলেট শহর ও আশেপাশে বেশ কিছু খুবই অপরিকল্পিতভাবে অনেক বিল্ডিং বা বিভিন্ন নির্মাণ হচ্ছে যার ফলে শহরের সৌন্দর্য এবং এটার যাতায়াত বা কনজেশনটা আনপ্ল্যানড হয়ে যাচ্ছে।”

সেজন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।