২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদা বদলে দিয়েছেন শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী অবিশ্বাস্য লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়ন করেন, সংসদে বলেন আরাফাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2024, 11:51 PM

Updated : 11 Feb 2024, 11:51 PM

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা পরিবর্তন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "গত ১৫ বছরে শেখ হাসিনা আমাদের দেশের স্ট্যাটাস পরিবর্তন করে দিয়েছেন। দেশকে তিনি গ্লোবাল স্ট্যাটাসে নিয়ে গেছেন। বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিণত হচ্ছে তখন পাশ্চাত্যের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একজন নেতৃত্ব কীভাবে এত শক্তিশালী হয়ে উঠছেন। কীভাবে একটি দেশকে একটি ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।

“এখন তারা নিয়ে আসে অন্যান্য বিষয়। যেহেতু দারিদ্র বিমোচন হয়ে যাচ্ছে। শিক্ষার হার বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। তারা নিয়ে আসছে ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার- এসব বিষয়। আমরা যদি এখানেও দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।"

পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলের মতো উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরাফাত বলেন, "প্রধানমন্ত্রী অবিশ্বাস্য গোল সেট করেন এবং তা বাস্তবায়ন করেন। এসব দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে তা হলো আমাদের সাহস।

“আমাদের সাহস অনেক বেড়ে গেছে। স্বপ্ন দেখার দু:সাহস বেড়ে গেছে। বিশ্বকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছি যে- আমরা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করতে পারি। আমাদের নদীর তলদেশে ট্যানেল আছে।"

নাগরিক সমাজের সমালোচনা করে তিনি বলেন, "আমাদের সিভিল সোসাইটি সরকারের অগ্রগতি সামনে আনে না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এক ধরনের লড়াই আছে। এটি চলবে। সেখানে আমরা জয়ী হব।"