১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিএনপিকর্মীরা ভাংচুর চালায়, হাতবোমা ছোড়ে: পুলিশ

বিএনপির ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

বিএনপিকর্মীরা ভাংচুর চালায়, হাতবোমা ছোড়ে: পুলিশ

ঢাকার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর শনিবার দফায় দফায় চলে পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষ চলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 06:31 PM

Updated : 29 Jul 2023, 08:12 PM

ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সংঘাতের জন্য বিএনপিকে দায়ী করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বেআইনি’ সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর হাতবোমা ছুড়েছে, গাড়ি ভাংচুর করেছে, আগুন ধরিয়েছে।

জনদুর্ভোগ, বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের একদফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তার পাল্টায় যুবলীগও ডেকেছিল সমাবেশ।

কর্মসূচি পালনের অনুমতি কাউকে দেওয়া হয়নি জানিয়ে পুলিশ বিএনপির উপর চড়াও হলেও আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদেরও দেখা গেছে।

যাত্রাবাড়ী, নয়াবাজার, গাবতলী ও আবদুল্লাহপুরে অবস্থান নেওয়ার কথা ছিল বিএনপি। তবে সব কটি স্থানেই তারা পুলিশের বাধার মুখে পড়ে।

বিএনপির এই কর্মসিূচি ‘আইনগতভাবে বেআইনি’ দাবি করে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, “শুক্রবার রাতেই পুলিশের পক্ষ থেকে তাদের ও গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয় যে, অবস্থান কর্মসূচি পালনের জন্য তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। যেহেতু ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, কাজেই তাদের এই সমাবেশ আইনগতভাবে বেআইনি।”

পুরানো খবর:

ঢাকার প্রবেশপথে কোনো কর্মসূচি নয়, কঠোর অবস্থানে পুলিশ

সংঘাতের জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, রাস্তা থেকে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দিতে তাদেরকে বলপ্রয়োগ এবং রবার বুলেট ছুড়তে হয়।

“তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, বিভিন্ন গাড়িতে আগুন দেয়, ককটেল মারে এবং পুলিশের ওপর অতর্কিতে হামলা করে, গাড়ি ভাংচুর করে। তারা পুলিশের আট থেকে ১০টি গাড়ি এবং ২০টির মতো অন্যান্য গাড়ি ভাঙচুর করেছে।”

Image

ঢাকার প্রবেশমুখগলোতে বিএনপির অবস্থান কর্মসূচির দিন শনিবার শ্যামলীতে সড়কে কয়েকটি গাড়িতে ভাংচুর চালান হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) মেহেদি হাসানসহ ২০ জনের মতো পুলিশ সদস্য আহত হন বলে জানান ফারুক।

“এর পরিপ্রেক্ষিতে ডিএমপির পক্ষ থেকে বুলেট নিক্ষেপ করি এবং যেসব অবৈধ জনতা গাড়ি ভাংচুর করে তাদের পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়।”

এসব ঘটনায় ৯০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখনও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে।”

“যারা জনদুর্ভোগ, বিশৃঙ্খলা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন থানাতে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।”

পুরানো খবর:

মাতুয়াইলে ৩টি বাসে আগুন