ঢাবি ছাত্র বিপু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
দেড় যুগ আগে ঢাকার ডেমরায় ঘটেছিল হত্যাকাণ্ড।
দেড় যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী মনিরুল ইসলাম বিপু হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবু, বাবুল ওরফে চায়না বাবুল, তারিকুল ইসলাম ওরফে মিল্লাত, খায়রুল বাশার ও সুমন। সবাইকেই ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। সেই অর্থ না দিলে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রথম দুজন রায়ের সময় আদালতে ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
এসব তথ্য জানিয়ে আদালতের সাঁটলিপিকার সোহানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেন বিচারক।
খালাসপ্রাপ্তরা হলেন-সোহেল, আলম, আজাহারুল ইসলাম পারভেজ, মামুন ও উজ্জল।
রায় থেকে জানা যায়, ঢাকার ডেমরার বাসিন্দা বিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন। ২০০৪ সালের ২৬ জুলাই বিকালে বাসায় ঘুমাচ্ছিলেন তিনি। সাড়ে ৩টার দিকে ঘুম থেকে তুলে তাকে ডেকে নিয়ে যান প্রতিবেশী বাবু। এর ১৫-২০ মিনিট পর বিপুকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
বিপুর খালা রোকসানা আক্তার ও প্রতিবেশী সুমন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিপু হত্যার শিকার হন-অভিযোগ তুলে তার মা লায়লা বেগম ডেমরা থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৯ নভেম্বর ডেমরা থানার এসআই সাইদুল ইসলাম ১০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
২০০৬ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ৩০ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার রায় দিয়েছেন বিচারক।
