২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

চারবন্ধু ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে উঠতে পারেনি একজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 09:52 PM

Updated : 08 Sep 2022, 09:52 PM

সাঁতার কাটার জন্য ঢাকার বছিলা ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দিয়ে এক তরুণ নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চার বন্ধু মিলে সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর তিনজন উপরে উঠলেও ১৭ বছর বয়সী সাব্বির উঠতে পারেনি। স্থানীয়রা খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সন্ধ্যা ৬টার পর খবর পান। এরপর তাদের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৮টার দিকে ওই তরুণকে উদ্ধার করে।

নৌপুলিশের বছিলা ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারের পরপরই ওই তরুণকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

“আমরা স্থানীয়ভাবে জেনেছি, একটি অনুষ্ঠান উপলক্ষে তারা অনেকেই নদীর পাড়ে এসেছিল। এ সময় কয়েকজন তরুণ ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। নিখোঁজ হওয়া তরুণও তাদের একজন।”

মৃত সাব্বির রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে তারা বাবা-মায়ের সঙ্গে থাকত। তার বাবা ইসমাইল পেশায় একজন কসাই। সাব্বির নিজে অটোরিকশা গ্যারেজে কাজ করত।