২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র পরিষদের ২৪ নেতাকর্মীর রিমান্ড শুনানি পেছাল

ছাত্রলীগের দুই নেতার মামলায় ছাত্র পরিষদের ২৪ জনকে রিমান্ডে চাইছে পুলিশ।

ছাত্র পরিষদের ২৪ নেতাকর্মীর রিমান্ড শুনানি পেছাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় হামলায় পণ্ড  হয়ে যায় আবরার ফাহাদকে হত্যার বার্ষিকীর কর্মসূচি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 06:33 PM

Updated : 16 Oct 2022, 06:33 PM

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বার্ষিকীর সভায় হামলার পর ছাত্রলীগের দুই নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে।

রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আগামী ২০ অক্টোবর শুনানির দিন রেখেছেন বলে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানান।

এদিন (রোববার) শুনানির দিন ছিল। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক গোলাম হোসেন অসুস্থ এবং আরেক তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফুল আলম অপু সাক্ষ্য দিতে চট্টগ্রামে থাকায় আদালতের এ নির্দেশনা আসে।

গত ১৩ অক্টোবর দুই মামলায় এ রিমান্ড আবেদন করা হয়েছিল।

মামলায় অন্য আসামির মধ্যে আছেন- মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।

রোববার তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের সমাবেশ চড়াও হয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

সেই হামলায় আহত ছাত্রপরিষদের নেতা-কর্মীদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত হলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়।

এরপর ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান শাহবাগ থানায় দুটি মামলা করেন ছাত্র পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

পুলিশ ওই দিনই ঢাকা মেডিকেল এলাকা থেকে ছাত্র পরিষদের নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

পরদিন তাদের কারাগারে পাঠিয়ে ১১ অক্টোবর জামিন শুনানি দিন রাখেন ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম। পরে ওইদিন তাদের জামিন নামঞ্জুর করেন বিচারক।

ওই মামলার অভিযোগ করা হয়, ৭ অক্টোবর আসামিরা কাউকে কিছু না জানিয়ে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদালয়ের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তারা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশে বেআইনিভাবে সমাবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দেয়। তারা দেশের সরকার, সরকারপ্রধান এবং বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্য দেয়।