২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘কলহের জেরে’ নিজের গায়ে প্রবাসীর আগুন, দগ্ধ পরিবারের আরও ৪

“ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ ও আরিফুরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 09:30 PM

Updated : 19 Sep 2026, 09:30 PM

পুরান ঢাকায় ‘পারিবারিক কলহের জেরে’ এক প্রবাসীর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেছেন স্বজনরা।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকার ওই ঘটনায় পরিবারের আরো ৪ জন দগ্ধ হয়েছেন।

তাদের সবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার তথ্য দিয়েছেন আবাসিক সার্জন ডক্টর সুলতান মাহমুদ।

দগ্ধরা হলেন- সিদ্দিক বেপারী (৬০), তার ছেলে সৌদি আরব প্রবাসী মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগনে আরিফুর রহমান ধলু (৩৫) এবং ভাগনি তানিয়া আক্তার (২০)।

চিকিৎসক সুলতান মাহমুদ বলেন, ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের মধ্যে রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিক হিসেবে কর্মরত, ধলু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজের স্নাতকের শিক্ষার্থী।

আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার বলেন, বাড়িটি তাদের পৈতৃক। শুক্রবার বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। “তানিয়া ময়লা পানি পরিষ্কার করতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরবে অবস্থানরত ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন গতকালই দেশে ফেরেন।” সোনিয়ার ভাষ্য, “শনিবার বিকালে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব'। এ কথা বলেই নিজের ও অন্যদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।”